মোঃ হারুনুর রশিদ, কচুয়া প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া উপজেলার আসন্ন ১নং সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে উজানছিনাইয়া ও টেকেরপাড় এলাকার ৭নং ওয়ার্ডের শুয়ারুল সওদাগর বাড়িতে চেয়ারম্যান পদপ্রার্থীর জনসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
২৯ জুলাই বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওয়ার্ড সভাপতি মাওলানা গাজী ইমরান হোসেনের সভাপতিত্বে এই জনসংযোগ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং সাচার ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসেন হেলালী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাচার ইউনিয়নের নায়েবে আমীর মীর অহিদুজ্জামান, ৭নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর একক মেম্বার পদপ্রার্থী মোঃ ফরহাদ হোসেন সওদাগর, ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান পাঠান এবং জামায়াতে ইসলামীর ওয়ার্ড সেক্রেটারি মোঃ সোলাইমান স্যারসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় সমাবেশে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
সমাবেশে সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোঃ মনির হোসেন হেলালী বলেন, “বিগত দিনে আপনারা বহু চেয়ারম্যান দেখেছেন এবং তাদের কাছ থেকে কতটুকু সেবা পেয়েছেন, তা আপনারা সাধারণ জনগণ ভালোভাবেই অবগত আছেন। আমি আপনাদের এই ইউনিয়নেরই একজন সন্তান। আমি আপনাদের সেবায় এগিয়ে আসতে চাই। আপনারা যদি আমাকে সুযোগ দেন, তবে আপনাদের সেবায় সর্বদা নিয়োজিত থাকতে চাই।”
তিনি আরও বলেন, “আপনারা যদি আমাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে করেন, তবে সাচার ইউনিয়নের একজন চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আমাকে সমর্থন ও মনোনয়ন দেবেন—এই আশাই ব্যক্ত করছি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আমাকে সাচার ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে সমর্থন করা হয়েছে। তাই আমি আপনাদের সমর্থন, দোয়া ও ভালোবাসা নিয়ে অসহায়, গরিব ও দুঃখী মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকতে চাই। আমি আশাবাদী, যোগ্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আপনারা আমাকে পূর্ণ সমর্থন দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দান করবেন।

