মো. আতাউর রহমান সরকার, মতলব উত্তর, চাঁদপুর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১০৫ নং উদ্ধমদী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তরুণ প্রকৌশলী মো. সালাহউদ্দিন খান (রনি)। দায়িত্ব গ্রহণের পর তিনি বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।
দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় ইঞ্জি. মো. সালাহউদ্দিন খান বলেন, “এই দায়িত্বকে আমি কোনো পদ বা মর্যাদা হিসেবে নয়, বরং একটি আমানত হিসেবে দেখছি। আগামী প্রজন্মের সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও জানান, তার কর্মপরিকল্পনার মধ্যে রয়েছে বিদ্যালয়ের শিক্ষার গুণগত মান উন্নয়ন, অবকাঠামোগত সংস্কার, নিরাপদ ও পরিচ্ছন্ন শিক্ষাপরিবেশ নিশ্চিত করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিবিড় সমন্বয় তৈরি করা। শিক্ষার্থীদের কেবল পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ না রেখে, তাদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন।
বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কোনো একক ব্যক্তির পক্ষে সম্ভব নয়। শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সকল শুভানুধ্যায়ীর সম্মিলিত সহযোগিতায় আমরা উদ্ধমদী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে একটি আদর্শ ও মডেল শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই।”
উল্লেখ্য, ইঞ্জি. মো. সালাহউদ্দিন খান (রনি) একজন সমাজসেবী হিসেবেও এলাকায় পরিচিত। তিনি বর্তমানে কৃষি উদ্যোক্তা পরিষদ, মতলব উত্তর উপজেলার কোষাধ্যক্ষ এবং ‘অঙ্গীকার বন্ধু সংগঠন’ চাঁদপুর মতলব উত্তর উপজেলা শাখার সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর থেকে স্থানীয় এলাকাবাসী, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের কাছ থেকে তিনি ব্যাপক অভিনন্দন ও ভালোবাসা পাচ্ছেন। তার এই নতুন যাত্রায় এলাকাবাসী বিদ্যালয়ের শিক্ষার গুণগত পরিবর্তনের বড় ধরনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

