শফিকুল ইসলাম শফিক, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ দশমিক ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে উপজেলার আনন্দবাজার ও হালাবাদী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ:
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্বম্ভরপুর থানার মমিনবাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় গোপন সংবাদে জানা যায়, আনন্দবাজার এলাকায় একটি পিকআপ ভ্যানে মাদক কেনা-বেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে। র্যাব সেখানে পৌঁছালে এক পিকআপ চালক পালানোর চেষ্টা করেন। র্যাব সদস্যরা ধাওয়া করে তাকে আটক করেন।
আটক চালকের দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে ধনপুর ইউনিয়নের হালাবাদী গ্রামের জুমান মিয়ার বাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে পালানোর সময় জুমান মিয়াকেও আটক করা হয়। পরে তার বসতঘরের বারান্দায় রাখা দুটি প্লাস্টিকের বস্তা থেকে ২১ কেজি ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত সিঙ্গেল কেবিন পিকআপটিও জব্দ করে র্যাব।
গ্রেফতারকৃতরা হলেন:
১. জুমান মিয়া (২৮), পিতা: কাজি মিয়া, গ্রাম: হালাবাদী, থানা: বিশ্বম্ভরপুর, জেলা: সুনামগঞ্জ।
২. মো. আক্তার হোসেন (৩১), পিতা: মিজান মিয়া, গ্রাম: সাকুচাইল, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।
আইনি ব্যবস্থা:
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৯ এর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

