সুনামগঞ্জ প্রতিনিধি: শফিকুল ইসলাম শফিক
সুনামগঞ্জের বিশ্বখ্যাত টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে আব্দুল মাজেদ পিকলু (২৪) নামের এক পর্যটক যুবকের মৃত্যু হয়েছে। নিহত পিকলু রাজশাহীর শাহ মখদুম থানার মধ্যম ওদাপাড়া গ্রামের নুর ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টার দিকে তাহিরপুর উপজেলার লামাগাঁও বাজার ঘাটে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজশাহী থেকে ১০ জন বন্ধুর একটি দল টাঙ্গুয়ার হাওরে ভ্রমণে আসে এবং এর জন্য একটি হাউসবোট ভাড়া করে। কেনাকাটার উদ্দেশ্যে বোটটি লামাগাঁও বাজার ঘাটে নোঙর করলে দলের কয়েকজন সদস্য বাজারে যান। এই সুযোগে পিকলু হাউসবোট থেকে হাওরের পানিতে গোসল করতে ঝাঁপ দেন। পানিতে নামার পর তিনি আর ভেসে ওঠেননি।
সঙ্গে থাকা বন্ধু ও স্থানীয়রা তাকে দেখতে না পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর স্থানীয়দের সহায়তায় পানি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
খবর পেয়ে তাহিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ওসি ফারুক আহমদ জানান, হাওরে বেড়াতে এসে পানিতে ডুবে এক পর্যটক মারা গেছেন। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

