যীশু সেন, বিশেষ প্রতিনিধি:
চট্টগ্রামে নান্দনিকতা ও চেতনার এক অপূর্ব সমন্বয়ে গত ২৮ মার্চ শনিবার চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের বিশেষ আয়োজন। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শুরু হওয়া এই আয়োজনে ছিল আলোচনা সভা, যন্ত্রসংগীতের অনুষ্ঠান “সুরমাল্য”, রবীন্দ্র-নজরুল চেতনায় নির্মিত গীতি-নৃত্যনাট্য “নারী” এবং এক বর্ণাঢ্য সাংস্কৃতিক সন্ধ্যা।
সুরমেলা সাংস্কৃতিক চর্চা কেন্দ্রের অধ্যক্ষ সানু দাশগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন ডা. বি. কে. সেনগুপ্ত, প্রফেসর ড. উদিতি দত্ত, অধ্যাপক স্বদেশ চক্রবর্তী, বিশিষ্ট শিল্পপতি রিয়াজ ওয়ায়েজ, ডা. মো. নওশাদ খান, বাসুদেব সিনহা, মো. ইলিয়াছ ইলু, রাজন কান্তি দাশ ও প্রকৌশলী সিঞ্চন ভৌমিক। ঢাকা থেকে আগত অতিথিদের মধ্যে ছিলেন সাবেক ভিসি ড. জান্নাতুল ফেরদৌস, আরিফ খান, নাহার আহমেদ, খালিদ খলিল, আমিনুল হক মনা, রানী রহমান ও নাসরীন জাহান।
শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান পরিকল্পক ও সার্বিক তত্ত্বাবধায়ক বিশুতোষ তালুকদার। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক তপন ভট্টাচার্য্য এবং বক্তব্য প্রদান করেন সদস্য সচিব দুলাল কান্তি দে। প্রিয়ম কৃষ্ণ দে, প্রতিমা দাশ ও সুমি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে ধারা বর্ণনায় ছিলেন বাচিক শিল্পী অ্যাডভোকেট মিলি চৌধুরী।
যন্ত্রসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনা
শুভ্রা সেনগুপ্তার নৃত্য পরিচালনায় ‘স্কুল অব ওরিয়েন্টাল ডান্স’ এর পরিবেশনা দর্শককে মুগ্ধ করে। সংগীত ও হাওয়াইয়ান গিটার পরিবেশন করেন সানু দাশগুপ্ত ও বিশাখা বিভা তালুকদার। এ ছাড়া রবীন্দ্রসংগীত পরিবেশন করেন কান্তা দে এবং নজরুলসংগীত পরিবেশন করেন রিষু তালুকদার। তবলা বৃন্দবাদন পরিচালনায় ছিলেন উৎপল দে মিঠু এবং অর্কেস্ট্রা পরিচালনায় ছিলেন সুমন কান্তি নাথ।
আলোচনা সভায় বক্তারা বলেন:
> “বর্তমান প্রজন্মের কাছে হাওয়াইয়ান গিটারের মতো বাদ্যযন্ত্রকে জনপ্রিয় করতে হলে সঠিক প্রশিক্ষণ ও চর্চার বিকল্প নেই। এমন আয়োজন প্রতিভাবান শিল্পীদের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি সমাজের চেতনা জাগ্রত করতে শক্তিশালী হাতিয়ার হিসেবে কাজ করে।”
>
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ
সাংস্কৃতিক পর্বের শুরুতে শিল্পীবৃন্দ দলীয়ভাবে “সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি” পরিবেশন করেন। হাওয়াইয়ান গিটারে একক পরিবেশনায় ছিলেন ড. উদিতি দত্ত, কনিকা বৈষ্ণব, ডা. মো. নওশাদ খান, ডা. বি কে সেনগুপ্ত ও আরাধ্য সেন। আইয়ুব বাচ্চুর স্মরণে তার বিখ্যাত গান ‘সেই তুমি’ এর আমেজে হাওয়াইয়ান গিটারে ‘রূপালী গিটার’ সুরটি বাজিয়ে শোনান সাথী তালুকদার। ঢাকা থেকে আগত শিল্পী আমিনুল হক মনা ও নাহার আহমদও চমৎকার গিটার বাদন উপহার দেন।
পুরো আয়োজনে তবলা ও যন্ত্রসংগীতে সহযোগিতা করেন সৈকত নন্দী, অভিষেক দাশ, শুভ বড়ুয়া, অমর্ত্য চক্রবর্তী ও দীপ্ত দত্ত। এ ছাড়াও সুরধ্বনি মিউজিক একাডেমি অর্কেস্ট্রা টিম ‘বিহরে লগন মধুর লগন’ ও ‘পাহাড়ি ধুন’ পরিবেশন করে অনুষ্ঠানের জৌলুস বাড়িয়ে দেয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে বিভিন্ন জেলা থেকে আগত অতিথি ও শিল্পীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। আলোক সম্পাত, শব্দ নিয়ন্ত্রণ ও গ্রন্থনার নিপুণতায় পুরো আয়োজনটি শিল্পরুচি ও মানবিক চেতনার এক অনন্য মিলনমেলায় পরিণত হয়।

