হাতিয়ায় বজ্রপাতে কিশোর শ্রমিকের মৃত্যু
মোঃজাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী):
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৬) নামে এক কিশোর শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৮ মার্চ) দুপুরে হাতিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের চর কৈলাশ গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদ ওই গ্রামের মো. বেলাল উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি ইটভাটায় শ্রমিক হিসেবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্র জানায়, শনিবার সকাল থেকেই ওই এলাকার আকাশ মেঘাচ্ছন্ন ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছিল। দুপুরে জিহাদ বাড়ি থেকে গোসলের উদ্দেশ্যে বের হয়। পথে বাড়ির পাশের একটি বিশাল রাজকড়ই গাছের নিচে অবস্থানকালে হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হয়। এতে সে গুরুতর দগ্ধ ও আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
পরিবারের সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিহাদকে মৃত ঘোষণা করেন। কিশোর ছেলের এমন আকস্মিক ও করুণ মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
হাতিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) প্রতীক পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মূলত গোসল করতে যাওয়ার পথে গাছের নিচে অবস্থানকালে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

