মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার কুকুটিয়ায় সালিশের নামে ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ সভাপতি রেজাউল করিম রেজার নেতৃত্বে মারধরের ঘটনার পরে দুইজন দিনমজুরকে ইয়াবা দিয়ে পুলিশের হাতে তুলে দেয়ার অভিযোগে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করা হয়েছে।
জানা যায়, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের সামনে সালিশের নামে ডেকে এনে মা, ছেলে ও বাবাকে কুপিয়ে আহত করে উপজেলার কুকুটিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যানের২০-২৫ জনের সন্ত্রাসী বাহিনী।
এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবীতে গেলো ২১শে ফেব্রুয়ারি রাতে শ্রীনগরের কুকুটিয়ায় পোষ্টার লাগাতে যায় দিনমজুর বিবন্দী গ্রামের সাইফুল ইসলাম বাবু ও নাহিদ হোসেন। এ সময়ে তাদেরকে মারধর করে প্রায় ৪ ঘন্টা আটক রেখে ইয়াবা দিয়ে পুলিশে হাতে তুলে দেওয়া হয়।
এ ঘটনায় সুষ্ঠ বিচারের দাবীতে শুক্রবার বেলা ১১ টার দিকে কুকুটিয়া ইউনিয়নবাসীর ব্যানারে বিবন্দী এলাকায় ইউনিয়নের শত-শত নারী-পুরুষ মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেন।
বক্তারা এ সময়ে আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা ও তার অনুসারীদের বিচারের আওতায় আনার দাবী তোলেন। মানববন্ধন শেষে একটি ঝাড়ু মিছিল বের করেন তারা।
এ সময়ে বক্তব্য রাখেন সাবেক মহিলা ইউপি সদস্য সেলিনা মোস্তাক, শ্রীনগর উপজেলা যুবলীগের তথ্য বিষয়ক সম্পাদক হাসেম আলী আমিন, মাহমুদা বেগম, ঝুমুর আক্তার, আল-আমিন ও জাবেদ হোসেনসহ আরো অনেকে।#

