হাজীগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
হাজীগঞ্জ উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি বিভূতিভূষণ রায় সুজন ও সাধারণ সম্পাদক রতন সরকারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শত শত ভক্ত শোভাযাত্রায় অংশ নেন। শিশু-কিশোর ও নারী-পুরুষসহ সব বয়সের ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা মনোরম ধর্মীয় সাজে সজ্জিত হয়ে শ্রীকৃষ্ণের জীবনদর্শন ও ভাবধারা ফুটিয়ে তোলেন। ঢাক-ঢোল, বাদ্যযন্ত্র ও ধর্মীয় কীর্তনের মধ্য দিয়ে শোভাযাত্রাটি হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়।
অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আকন।
এছাড়া আয়োজক সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক শিমুল শিকদার, কোষাধ্যক্ষ গৌরাঙ্গ পোদ্দার, সাংগঠনিক সম্পাদক দুলাল দাস, সহ-সভাপতি সুজন রায়, সহ-সাংগঠনিক সম্পাদক বাবুল দাস, গোপাল সাহা, বলরাম সাহা, টিটু সাহা এবং মহিলা বিষয়ক সম্পাদিকা সম্পা বণিক, সীমা মিশ্র, নন্দিনী দাস ও নন্দিনী মজুমদার সতী।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রোটারিয়ান রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা, শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ জিউর আখড়ার সদস্য ডা. মানিক লাল মজুমদার, সঞ্জয় কর্মকার, ডা. নরেশ চন্দ্র রায়, তাপস সাহা, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক ফটিক কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু, সাবেক নেতা লিটন পাল এবং হাজীগঞ্জ পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শ্যামল সাহা।
পাশাপাশি সামাজিক সংগঠন ‘আমার প্রবাসী ২০২৪’-এর সভাপতি শ্রী কৃষ্ণ শিল ও সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস বাপ্পীসহ যুব ঐক্য পরিষদ, বাংলাদেশ হিন্দু মহাজোট চাঁদপুর জেলার আহ্বায়ক শিবু চন্দ্র দাস এবং বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অ্যাডভোকেট সুমন দেবনাথ রাজু ও রামকৃষ্ণ সেবাশ্রমের সাধারণ সম্পাদক নীহারঞ্জন হালদার মিলন বক্তব্য দেন। বক্তারা শ্রীকৃষ্ণের আদর্শ, ধর্মীয় মূল্যবোধ, মানবতা, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। পরম ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ভক্তরা এ দিনটি উদযাপন করেন।

