হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: মো. জাকের হোসেন
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতায় মাছ চাষিদের ব্যাপক ক্ষতি হয়েছে। এর মধ্যে ১০ নম্বর জাহাজমারা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাছ চাষি মিজানুর রহমান উকিলের প্রায় ৭ লাখ টাকার মাছ ভেসে গেছে। এতে তিনি এখন চরম আর্থিক সংকটে পড়েছেন।
ক্ষতিগ্রস্ত সূত্রে জানা যায়, মিজানুর রহমান উকিল কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু করেছিলেন। কিন্তু টানা বৃষ্টির ফলে পুকুরের পানি উপচে পড়ায় তার চাষ করা মাছ সব ভেসে যায়। এতে কয়েক মাসের কঠোর পরিশ্রম ও বিনিয়োগ মুহূর্তেই নষ্ট হয়ে গেছে।
এ বিষয়ে মিজানুর রহমান উকিল বলেন, “অনেক আশা নিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে মাছ চাষ করেছিলাম। টানা বৃষ্টিতে সব মাছ চলে গেল। এখন ঋণের টাকা কীভাবে পরিশোধ করব, তা নিয়ে চরম দুশ্চিন্তায় আছি।”
স্থানীয়রা জানান, চলমান ভারী বর্ষণে জাহাজমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় মাছ চাষি ও কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে দ্রুত সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন স্থানীয়রা।
ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও প্রয়োজনীয় সহায়তা কামনা করেছেন এলাকাবাসী।

