ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

​চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত

প্রতিবেদক
Sagar Chandra
জুন ২২, ২০২৬ ১:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

যীশু সেন, চট্টগ্রাম:

​চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনায় ১২তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল—‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ (Yoga for Healthy Aging)। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৮৫০ জন যোগপ্রেমী অংশগ্রহণ করেন।

​রোববার (২১ জুন) বিকেলে চট্টগ্রাম নৌবাহিনী কনভেনশন সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

​প্রধান অতিথির বক্তব্যে মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “যোগব্যায়াম শুধু একটি শারীরিক অনুশীলন নয়; এটি সুস্থ শরীর, মানসিক প্রশান্তি ও সুষম জীবনযাপনের একটি কার্যকর উপায়। নিয়মিত যোগচর্চা মানুষকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করে একটি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করোনা মহামারি আমাদের শিখিয়েছে শারীরিক রোগ প্রতিরোধ ক্ষমতা ও মানসিক সুস্থতা কতটা অপরিহার্য। যোগচর্চা উভয় ক্ষেত্রেই কার্যকর ভূমিকা রাখতে পারে।”

​নগরবাসীর মধ্যে যোগের প্রসারে গুরুত্বারোপ করে মেয়র বলেন, “স্কুল, অফিস ও কমিউনিটি সেন্টারগুলোতে নিয়মিত যোগচর্চার ব্যবস্থা করা গেলে নাগরিকদের কর্মক্ষমতা ও মনোবল আরও বৃদ্ধি পাবে।”

​অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী হারীশ কুমার বলেন, “যোগ একটি প্রাচীন অনুশীলন, যার অর্থ হলো ‘যুক্ত হওয়া’ বা ‘একত্রিত হওয়া’। এটি দেহ, মন ও শ্বাস-প্রশ্বাসের মধ্যে সমন্বয় সাধন করে সামগ্রিক সুস্থতা নিশ্চিত করে।”

​তিনি আরও বলেন, “প্রায় পাঁচ হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে যোগের উৎপত্তি। ২০১৪ সালে জাতিসংঘের মাধ্যমে ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগ’ বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে সুস্বাস্থ্য, নমনীয়তা ও জীবনীশক্তি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করে।”

​ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বক্তব্য উদ্ধৃত করে সহকারী হাইকমিশনার বলেন, “যোগ আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ করে এবং মানবিক সম্প্রীতি ও ভারসাম্যপূর্ণ জীবনের ভিত্তি গড়ে তোলে।”

​অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারতীয় সহকারী হাইকমিশনের কর্মকর্তা মিসেস মনি। আয়োজনে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন অনুশীলন পরিচালনা করেন। কোয়ান্টাম ফাউন্ডেশনের যোগ-ধ্যান চিফ প্রশিক্ষক আহমদ শরীফ এবং ইয়োগা ইন্সট্রাক্টর দেবাশীষ পাল দেবু ও শিরিন সালমার তত্ত্বাবধানে অংশগ্রহণকারীরা বিভিন্ন যোগাসন ও সুস্থতা বৃদ্ধিতে সহায়ক অনুশীলনে অংশ নেন।

​উৎসবমুখর এ আয়োজনে যোগচর্চার নানাদিক সম্পর্কে ধারণা লাভের পাশাপাশি সুস্থ জীবনধারা গঠনে এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে।

Don`t copy text!