মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট নদী থেকে নিখোঁজের কয়েক ঘণ্টা পর সাদাদ আহমেদ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টার দিকে উপজেলার খোলাহাটী ইউনিয়নের ভেড়ামারা ব্রিজ সংলগ্ন এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে, দুপুর ১টার দিকে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে সে নদীতে পড়ে নিখোঁজ হয়েছিল।
নিহত সাদাদ আহমেদ রাজশাহীর তেরোখাদিয়া এলাকার সাইফুজ্জামান বাচ্চুর ছেলে। সে গাইবান্ধা শহরের সুন্দরজাহান মোড় এলাকায় খালার বাসায় থেকে স্থানীয় এসকেএস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণিতে পড়াশোনা করত।
স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে সকালে বাসা থেকে বের হয় সাদাদ। অনুষ্ঠান শেষে বন্ধুদের সঙ্গে সে ভেড়ামারা ব্রিজ এলাকায় নদীর পাড়ে বেড়াতে যায়। এ সময় অসাবধানতাবশত নদীতে পড়ে তলিয়ে যায় সে। স্থানীয়রা উদ্ধারে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়।
খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় এক ঘণ্টার নিরলস প্রচেষ্টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
গাইবান্ধা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা রিফাত আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার কার্যক্রম শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
পহেলা বৈশাখের আনন্দঘন দিনে এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

