মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:
বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জনগণের জন্য প্রদত্ত পরিসেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মধ্যে সততা ও মূল্যবোধ বজায় রাখার লক্ষ্যে গাইবান্ধায় গণশুনানী অনুষ্ঠিত হয়। সোমবার গাইবান্ধার ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি দমন কমিশন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই গণশুনানীর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সচিব মোহাম্মদ খালেদ রহীম। শুরুতেই কোরআন তেলাওয়াত করেন রংপুর দুর্নীতি দমন কমিশনের নুর বকস্ বাবুল ও গীতা পাঠ করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য উজ্জল চক্রবর্তী।
জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে গণশুনানী অনুষ্ঠানে বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়ের মহাপরিচালক মো. মোতাহার হোসেন ও মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. শরীফ আল রাজীব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম. আব্দুস সালাম প্রমুখ।
বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ ৩২টি বিভাগের ৯৭টি অভিযোগ গণশুনানীতে উপস্থাপন করে ওইসব বিভাগের কর্মকর্তাদের মাধ্যমে জবাবদিহিতা করা হয়।
প্রধান অতিথি দুর্নীতি দমন কমিশনের সচিব বলেন, বাংলাদেশে দুর্নীতি বন্ধে প্রশাসনিক জবাবদিহিতা, কঠোর আইনি ব্যবস্থা, প্রযুক্তির ব্যবহার (ডিজিটালাইজেশন) এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন। দুর্নীতি দমন কমিশনকে সম্পূর্ণ স্বাধীন ও রাজনৈতিক প্রভাবমুক্ত করে শক্তিশালীর মাধ্যমে বিচার প্রক্রিয়া দ্রæত করলে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা সম্ভব। তিনি বলেন, বিভিন্ন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, দপ্তর ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানে সেবার মান বৃদ্ধি করে দুর্নীতি বন্ধ করতে হবে। দেশের প্রতিটি জেলায় গণশুনানী অনুষ্ঠিত হয়।

