মোঃ জাকের হোসেন
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় ১ হাজার ৩৩০ লিটার চোরাই ডিজেলসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে হাতিয়া পৌরসভার পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— হাতিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের আবুল কাশেমের ছেলে মোঃ রাসেল (২২) এবং ফরাজি গ্রামের আজহার আহম্মদের ছেলে মোঃ জাফর (৩৫)।
পুলিশ জানায়, দেশের বর্তমান পরিস্থিতিতে তেলের অবৈধ মজুদ রোধে হাতিয়া পৌরসভার বিভিন্ন বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে দুপুর ১২টার দিকে ৩ নম্বর ওয়ার্ডের পাঁচ বিঘা গ্রামের একটি স’মিলের উত্তর পাশের সড়ক থেকে ৪ ড্রাম (৭৬০ লিটার) ডিজেল উদ্ধার করা হয়। পরবর্তীতে দুপুর ১টা ৪৫ মিনিটে পৌরসভার ‘এমপির পোল’ এলাকা থেকে আরও ৩ ড্রাম (৫৭০ লিটার) ডিজেলসহ দুইজনকে আটক করা হয়।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ডিজেল অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল। এই ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

