স্বপন কুমার রায়, দাকোপ (খুলনা)
খুলনার দাকোপে দলিত ও অনগ্রসর নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে ‘আশার প্রদীপ সমাজ উন্নয়ন সংস্থা’ (আসুস) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ২০ জন দলিত নারীর হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।
দাতা সংস্থা ‘ক্রিশ্চিয়ান এইড’-এর অর্থায়নে এবং ‘নাগরিক উদ্যোগ’-এর সহযোগিতায় আসুস কর্তৃক বাস্তবায়িত “দলিত এবং অনগ্রসর জনগোষ্ঠীর সামাজিক বঞ্চনা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা” প্রকল্পের আওতায় এই কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে উপজেলার বানীশান্তা, লাউডোব, কৈলাশগঞ্জ, তিলডাঙ্গা ও সুতারখালী ইউনিয়নের নির্বাচিত ২০ জন নারীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বোরহান উদ্দীন মিঠু। তিনি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আর্থিক সহায়তা স্থানীয় অনগ্রসর নারীদের স্বাবলম্বী করতে সহায়ক হবে।” তিনি দলিত নারীদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোকেও (এনজিও) এগিয়ে আসার আহ্বান জানান।
আসুস-এর সভাপতি মৌসুমি মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বানীশান্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুদেব কুমার রায়, লাউডোব ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, প্রোগ্রাম ম্যানেজার নাদিরা পারভীন এবং আসুস-এর নির্বাহী পরিচালক পরিতোষ কুমার মৃধা। অনুষ্ঠানে এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সিএসই প্রকল্পের কর্মীরাও উপস্থিত ছিলেন।

