এ.এস.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক কারবারিদের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে বিক্ষুব্ধ জনতা দফায় দফায় হামলা চালিয়ে ৫টি ঘরবাড়ি ভাঙচুর করেছে। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ বাদল মিয়া নামে এক মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
গত সোমবার (৩০ মার্চ) সন্ধ্যার পর উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী, উত্তর লোহাজুরী ও চরকাউনিয়া গ্রামে এই গণ-প্রতিরোধের ঘটনা ঘটে।
প্রশাসনের নিষ্ক্রিয়তায় ফুঁসে উঠেছে জনতা
স্থানীয় সূত্রে জানা গেছে, লোহাজুরী ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের দাপটে যুবসমাজ ধ্বংসের মুখে পতিত হয়েছে। মাদকের বিস্তার রোধে এলাকাবাসী বিভিন্ন সময়ে স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসনকে বারবার অবহিত করলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। প্রশাসনের এই নীরবতায় মাদক ব্যবসা আরও বেপরোয়া হয়ে ওঠে। এর প্রতিবাদে এবং ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে সোমবার বিকেলে উত্তেজিত জনতা ঐক্যবদ্ধ হয়ে মাদক কারবারিদের বাড়িতে হানা দেয়।
যাদের বাড়িতে হামলা
বিক্ষুব্ধ জনতার হাতে ভাঙচুর হওয়া বাড়িগুলো হলো:
* দক্ষিণ লোহাজুরী গ্রামের সাইফুল ইসলাম, মুহিউদ্দীন কালা ও তার স্ত্রী রোকিয়া বেগম এবং আমজাদ হোসেনের বাড়ি।
* উত্তর লোহাজুরী গ্রামের ডিশান মিয়া ও চরকাউনিয়া গ্রামের বাদশা আফ্রাদের বাড়ি।
ইয়াবাসহ আটক
একই দিন বিকেলে উপজেলার দক্ষিণ সীমান্তবর্তী এলাকার একটি সেতু থেকে বাদল মিয়া (পিতা: আইন উদ্দিন বেপারী) নামক এক ব্যক্তিকে ৪০০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে জনতা। পরে তাকে কটিয়াদী মডেল থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও স্থানীয় বাসিন্দা জয় আহমেদ বকুল জানান, মাদক কারবারিদের বারবার অনুরোধ করার পরেও তারা ব্যবসা বন্ধ করেনি। পুলিশ ও জনপ্রতিনিধিদের জানিয়েও কোনো প্রতিকার না পেয়ে শেষ পর্যন্ত বিক্ষুব্ধ যুবসমাজ ও এলাকাবাসী এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে।
প্রশাসনের বক্তব্য
কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, লোহাজুরী ইউনিয়নের জনতা ৪০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আটক বাদল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে মঙ্গলবার জেলহাজতে পাঠানো হয়েছে। তবে ঘরবাড়ি ভাঙচুরের বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
অন্যদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ জানান, মাদক ব্যবসায়ীদের বাড়ি ভাঙচুর বা আটকের বিষয়ে এখন পর্যন্ত তাকে কেউ কোনো তথ্য দেয়নি।

