মেহেদী হাসান, রাঙামাটি প্রতিনিধি :
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ‘The Voice of RMSTU’ শিরোনামে পাবলিক স্পিকিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.) সকাল ৯টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুনতাসিরুল আলম। প্রথম রানারআপ হন ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের শিক্ষার্থী সানজিদা রুবায়েত জেসিফা এবং দ্বিতীয় রানারআপ হন ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী রবিউল আউয়াল কাওসার। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানজিম মাহমুদ, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ও ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক সাদ্দাম হোসেন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক ফাহিম হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ জুনাইদ কবির। বক্তব্যে তিনি ক্যারিয়ার ক্লাবের এ ধরনের সময়োপযোগী উদ্যোগের প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পিতভাবে ক্যারিয়ার গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের এমপ্লয়াবিলিটি স্কিলস অর্জনের ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ক্যারিয়ার উন্নয়নে সহায়ক যেকোনো কর্মশালা আয়োজনের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাবিপ্রবি ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট ও ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী শাহরিয়ার রাব্বি তন্ময়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থী আকলিমা আক্তার।

