ছবি সংগৃহীত।
স্টাফ রিপোর্টার: সাগর চন্দ্র স্বপন দুবাই,
বাংলাদেশে ছুটিতে এসে স্বয়ংক্রিয়ভাবে সংযুক্ত আরব আমিরাতের আবাসিক ভিসা বাতিল হওয়ায় কর্মস্থলে ফিরতে না পারা বাংলাদেশি প্রবাসীদের সহায়তায় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস (আবুধাবি) ও বাংলাদেশ কনস্যুলেট জেনারেল (দুবাই)।
দূতাবাস সূত্রে জানা গেছে, ভিসা জটিলতায় পড়া ৯৮৫ জন বাংলাদেশি প্রবাসীর তথ্য কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে আমিরাত সরকারের কাছে পাঠানো হয়েছে। ৩ আগস্ট পর্যন্ত এই তালিকা প্রেরণ করা হলেও নতুন আবেদনকারীদের তথ্য সংগ্রহ ও তালিকা পাঠানোর কার্যক্রম এখনও চলমান রয়েছে।
দূতাবাস জানিয়েছে, আমিরাত সরকারের কাছে একটি নোট ভার্বাল (কূটনৈতিক নোট) পাঠিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা বাতিল হওয়ার কারণ, পুনরায় ভিসা সক্রিয় করার সম্ভাব্য প্রক্রিয়া এবং বাংলাদেশে অবস্থানরত ক্ষতিগ্রস্ত প্রবাসীদের ব্যবসা, ব্যাংক হিসাব ও অন্যান্য সম্পদ-সংক্রান্ত বিষয়ে কী ধরনের সহায়তা দেওয়া যেতে পারে—সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানতে চাওয়া হয়েছে।
এদিকে, ভুক্তভোগী প্রবাসীদের তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।
উল্লেখ্য, সম্প্রতি ছুটিতে বাংলাদেশে যাওয়ার পর অনেক বাংলাদেশি প্রবাসী জানতে পারেন যে তাদের আমিরাতের আবাসিক ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে গেছে। ফলে তারা নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরতে না পারায় অনিশ্চয়তা ও উদ্বেগের মধ্যে রয়েছেন।

