ঢাকাবৃহস্পতিবার , ২৬ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁর আত্রাই রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ পতিসরে বেহাল সড়ক,দেখার কেউ নেই অপেক্ষায় ১২ গ্রামের মানুষ

প্রতিবেদক
Sagar Chandra
নভেম্বর ২৬, ২০২৬ ৭:৩৪ অপরাহ্ণ
Link Copied!

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধি :

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক জনপদ পতিসর। দেশ-বিদেশ থেকে প্রতিদিনই দর্শনার্থীরা আসেন কবিগুরুর স্মৃতিধন্য কাছারিবাড়ি দেখতে। অথচ সেই পতিসরে যাতায়াতের অন্যতম প্রধান সড়কটির বেহাল দশায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় নওগাঁর আত্রাই উপজেলার পতিসর-সমসপাড়া সড়কটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে অন্তত ১০ থেকে ১২টি গ্রামের হাজারো মানুষ প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পতিসর থেকে হিঙ্গলকান্দি ও বড়সাওতা হয়ে সমস- পাড়া হাট এবং আত্রাইয়ের গুড়নদীর পারঘাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অধীনে নির্মিত।

গত বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাত ও বন্যার পানির তোড়ে সড়কটির বিভিন্ন স্থানের পিচ ও খোয়া উঠে যায়। কোথাও কোথা ও সড়ক দেবে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। দীর্ঘদিনেও সংস্কার না হওয়ায় যানবাহন চলাচল এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গিয়ে ছোট-বড় অসংখ্য গর্ত তৈরি হয়েছে। বিশেষ করে হিঙ্গলকান্দি বাজার থেকে জগন্নাথপুর গ্রামের কাছাকাছি পর্যন্ত প্রায় এক কিলোমিটার অংশে ছোট-বড় প্রায় ৩২০টি গর্তের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অনেক জায়গায় সড়কের অবস্থা এতটাই খারাপ যে যানবাহন চলাচলের সময় যাত্রীদের নামিয়ে ভাঙা অংশ পার করতে হচ্ছে চালকদের।

এতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন রোগী, গর্ভবতী নারী, শিক্ষার্থী ও বয়স্ক মানুষ। জরুরি প্রয়োজনে হাসপাতালে যাতায়াত করতে গিয়ে পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।

পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে কৃষকদের। সড়কের বেহাল অবস্থার কারণে যানবাহনের ভাড়া বেড়ে যাওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ভ্যান, অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের যন্ত্রাংশ।

স্থানীয় বাসিন্দা নাদিম মাহমুদ বলেন, সড়কটি ভেঙে যাওয়ায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। আগে যে ভাড়ায় যাতায়াত করা যেত, এখন তার দ্বিগুণেরও বেশি ভাড়া দিতে হচ্ছে।

পতিসর গ্রামের মতিউর রহমান মামুন বলেন, ভারী বৃষ্টিপাত ও বন্যায় সড়কটি ভেঙে চুরমার হয়ে গেছে। দীর্ঘদিন ধরে এমন বেহাল অবস্থা থাকলেও সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ চোখে পড়ছে না। দিন দিন মানুষের দুর্ভোগ বাড়ছে।

হিঙ্গলকান্দি গ্রামের রফিকুল ইসলাম বলেন, প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়ক দিয়ে উপজেলা ও জেলা সদর, হাসপাতাল এবং হাটবাজারে যাতায়াত করেন।

বিকল্প সড়ক না থাকায় বাধ্য হয়েই ভাঙাচোরা রাস্তা দিয়ে চলাচল করতে হচ্ছে। কৃষিপণ্যসহ প্রয়োজনীয় মালামাল পরিবহনেও চরম ভোগান্তি হচ্ছে। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।

স্থানীয় ভ্যানচালক মনিরুল ইসলাম জানান, সড়কে বড় বড় গর্ত থাকায় আগের মতো মালামাল নিয়ে চলাচল করা সম্ভব হচ্ছে না। অল্প পরিমাণ মালামাল নিয়েও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে একদিকে আয় কমছে, অন্যদিকে ভ্যানের বিভিন্ন যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। সড়কের কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, সড়কটির এমন বেহাল অবস্থার কারণে শুধু সাধারণ মানুষের যাতায়াতই ব্যাহত হচ্ছে না, রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসর কাছারিবাড়িতে আসা দর্শনার্থীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঐতিহাসিক ও পর্যটন সম্ভাবনাময় এই জনপদে যোগাযোগব্যবস্থার এমন দুরবস্থা এলাকার উন্নয়ন ও পর্যটন বিকাশেও নেতিবাচক প্রভাব ফেলছে।

এ বিষয়ে আত্রাই উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী নিতীশ কুমার জানান, সড়কটি মেরামত ও পুনর্নির্মাণের জন্য প্রাক্কলন (এস্টিমেট) তৈরি করে জেলা কার্যালয়ে পাঠানো হয়েছে।

অনুমোদন পাওয়া গেলে দরপত্র আহ্বান করা হবে। আশা করা হচ্ছে, দ্রুত এ প্রক্রিয়া শেষ করে কাজ শুরু করা সম্ভব হবে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, শুধু সাময়িক মেরামত নয়, গুরুত্বপূর্ণ এই সড়কটি টেকসইভাবে পুনর্নির্মাণ করতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত পতিসরের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে দ্রুত সড়কটির সংস্কার ও উন্নয়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ চান তারা।

Don`t copy text!