মোঃ হামিদুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে একটি ড্রেন থেকে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে রেখে যায়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে স্থানীয়রা মরদেহটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার আদর্শ বি.এল হাই স্কুলের প্রায় ৫০ মিটার পূর্ব দিকের একটি ড্রেনে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকটির মরদেহ পড়ে ছিল। কয়েক দিন আগে শিশুটিকে ওই স্থানে ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে স্থানীয়দের ধারণা, যদিও বিষয়টি প্রথমে কারও নজরে আসেনি।
প্রত্যক্ষদর্শী মমেনা বেগম বলেন, ‘আমার বাড়ির সামনেই শিশুটির মরদেহ পড়ে ছিল। বিকেলে আমিসহ কয়েকজন মরদেহটি দেখতে পেয়ে আশপাশের লোকজনকে জানাই।’
এ বিষয়ে রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, এটি প্রাথমিকভাবে অকাল গর্ভপাতের ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।

