উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ
নওগাঁয় চুরি করা গরু নিয়ে পালানোর সময় মো. বেলাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি চোরাই গরু উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক ৩টার দিকে নওগাঁ সদর থানার বাঙ্গাবাড়িয়া এলাকা থেকে একটি গরু চুরি করে পালিয়ে যাচ্ছিলেন বেলাল হোসেন।
পরে ভোর ৪টা ১৫ মিনিটের দিকে নওগাঁ সদর থানার একটি বিশেষ টহল দল সদর থানাধীন জবার মোড়ে অভিযান চালিয়ে তাঁকে চোরাই গরুসহ হাতেনাতে আটক করে।
গ্রেপ্তারকৃত বেলাল হোসেন নওগাঁর বদলগাছী উপজেলার মহেশপুর গ্রামের রিয়াজ মণ্ডলের ছেলে। তবে তিনি বর্তমানে নওগাঁ সদর উপজেলার বাঙ্গাবাড়িয়া এলাকায় বসবাস করে আসছেন।
এ ঘটনায় আটক বেলাল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

