উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের পার-আধাইপুর গ্রামে এক নারীকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে পার-আধাইপুর গ্রামের বুড়া কালী মন্দিরের উত্তর পাশে এ ঘটনা ঘটে।
আহত রেবা বেগম (৩০) ধামইরহাট উপজেলার ঘোরকিন গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলামের স্ত্রী এবং মৃত তারাউদ্দিনের কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পার-আধাইপুর গ্রামের উজ্জ্বল নামের এক ব্যক্তির বাড়ির পাশে অবস্থানকালে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা রেবা বেগমকে ধারালো অস্ত্র দিয়ে গলা ও পেটে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। তার চিৎকার শুনে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে বদলগাছী থানায় খবর দেওয়া হয়।
সংবাদ পেয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নির্দেশে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত রেবা বেগমকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার করেন।
এ বিষয়ে বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে। বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।

