উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুর উপজেলার ৯ ও ১০ নম্বর চেরাগপুর ও ভীমপুর ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী শ্রীশ্রী শিবকালী ও শুরকালী মাতার চার দিনব্যাপী বারোয়ারী পূজা। শনিবার (৪ জুলাই) থেকে শুরু হওয়া এই ধর্মীয় উৎসব চলে মঙ্গলবার (৭ জুলাই) পর্যন্ত।
বাংলা ১৪৩৩ সনের ১৯, ২০, ২১ ও ২২ আষাঢ় (৪, ৫, ৬ ও ৭ জুলাই ২০২৬) তারিখব্যাপী নানা আয়োজনে এই পূজা অনুষ্ঠিত হয়। পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে প্রতিদিন পূজার্চনা, বলিদান, আরতি ও প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়। উৎসবের শেষ দিনে বিশেষ পূজা, আরতি এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে ধর্মীয় এই আয়োজন সম্পন্ন হয়।
আয়োজক শ্রীশ্রী শিবকালী ও শুরকালী মাতা মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণ বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক সাজে সাজিয়ে তোলা হয়েছিল।
মন্দির কমিটির সদস্যরা জানান, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে পূজা মণ্ডপ মুখরিত ছিল। ধর্মীয় সম্প্রীতির এই উৎসবে অংশ নিয়ে ভক্তরা মায়ের আশীর্বাদ গ্রহণ করেন। আয়োজকদের প্রত্যাশা, ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবারের পূজা উৎসব শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সমাপ্ত হয়েছে।

