উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর নিয়ামতপুরে পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পায় পুলিশ। সেখান থেকে ১৩১০ লিটার মদ তৈরির উপকরণ ও ২৬ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মান্দা সার্কেলের এএসপি এবং নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজারে মাদকবিরোধী তল্লাশিকালে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহাদেব সরদার (পিতা: রবিলাল সরদার) ও ভুট্টু সরদারকে (পিতা: দেবরাজ) গ্রেপ্তার করা হয়। তাদের বাড়ি নিয়ামতপুর উপজেলার ছাতড়া এলাকায়।
গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে ছাতড়া কলকলা পাড়ায় অভিযান চালায় পুলিশ। সেখানে শিল্পী (পিতা: আনন্দ সরদার) ও কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার) নামক দুই ব্যক্তির বসতবাড়িতে গড়ে তোলা একটি চোলাই মদের কারখানার সন্ধান পাওয়া যায়। কারখানায় মদ তৈরি করে বিভিন্ন কোমল পানীয়র বোতলে ভরে বিক্রির প্রস্তুতি চলছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে কারখানার মূল হোতারা পালিয়ে যায়।
অভিযানকালে কারখানা থেকে ১৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার তৈরি চোলাই মদ এবং বিপুল পরিমাণ কোমল পানীয়র খালি বোতল জব্দ করা হয়।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে

