উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ প্রতিনিধি | ২ জুলাই, ২০২৬
নওগাঁর মান্দায় প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র নারী ও শিক্ষার্থীদের মাঝে সেলাই মেশিন, বাইসাইকেল এবং শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু এসব উপকরণ ও চেক তুলে দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও দুস্থ নারীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ৫৬ জন, মাধ্যমিক পর্যায়ের ৩৪ জন এবং কলেজ পর্যায়ের ২৩ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এছাড়া, ১৭ জন স্কুল-কলেজ পড়ুয়া ছাত্রীকে যাতায়াতের সুবিধার জন্য বাইসাইকেল এবং ১১ জন অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দেওয়া হয়।
এর আগে, একই দিন বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ চত্বরে ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (৩য় পর্যায়)’-এর আওতায় প্রদর্শনী খামার স্থাপনের জন্য উপকরণ সামগ্রী বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরের এই প্রকল্পের অধীনে উপজেলার ৯টি ইউনিয়নের ৯ জন মৎস্যচাষীকে প্রয়োজনীয় উপকরণ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে, কুসুম্বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল, উপজেলা যুবদল সভাপতি আব্দুল জলিল, শ্রমিকদল সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, ছাত্রনেতা নূরবক্স মন্ডল এবং রাজশাহী কলেজ মুসলিম ছাত্রাবাস শাখার সাবেক সভাপতি জামিল হোসেন প্রামাণিকসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

