তেরখাদা (খুলনা) প্রতিনিধি: বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ১,৪৫০ বস্তা সিমেন্টসহ দুটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় ২১ জন পাচারকারীকে আটক করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে টহলরত নৌবাহিনীর জাহাজ পৃথক দুটি অভিযান পরিচালনা করে। অভিযানে ‘এফবি ফাতেমা হোসনা’ এবং ‘এফবি নিঝু রাব্বি’ নামে দুটি ইঞ্জিনচালিত দেশীয় কাঠের ফিশিং বোট আটক করা হয়।
নৌবাহিনী সূত্রে জানা গেছে, বোট দুটিতে তল্লাশি চালিয়ে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন পাচারকারী ও ৬৫০ বস্তা ডায়মন্ড সিমেন্ট এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জন পাচারকারী ও ৮০০ বস্তা ডায়মন্ড সিমেন্ট জব্দ করা হয়।
আটককৃত ২১ জন পাচারকারী, জব্দ করা বোট এবং সিমেন্টের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বাংলাদেশ নৌবাহিনী জানায়, দেশের সমুদ্রসীমায় চোরাচালান, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে।

