শফিকুল ইসলাম (শফিক), সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় অভিযান চালিয়ে ৪২ বোতল বিদেশি মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯।
র্যাব-৯, সিলেটের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩ সুনামগঞ্জের একটি অভিযানিক দল ১৭ মে ২০২৬ রাত ৮টা ৩০ মিনিটে বিশ্বম্ভরপুর থানাধীন ধনপুর ইউনিয়নের ধনপুর বাজার এলাকায় অবস্থান নেয়।
পরে রাত ৮টা ৪৫ মিনিটে লক্ষীদারপাড়া এলাকার একটি ইটের সোলিং সড়কে কয়েকজন ব্যক্তি মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় এক ব্যক্তি মোটরসাইকেলযোগে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছে থাকা একটি খাকি রঙের কার্টন তল্লাশি করে ৪২ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মো. রতন মিয়া (২১)। তার বাড়ি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর এলাকায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরপূর্বক গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত আলামত বিশ্বম্ভরপুর থানা-এ হস্তান্তর করা হয়েছে।
র্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

