হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা): চট্টগ্রামের পতেঙ্গা সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত ‘বাংলাদেশ নৌবাহিনী মেডিকেল কলেজ’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কলেজটির শুভ উদ্বোধন করেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
অনুষ্ঠানে নৌবাহিনী সদর দপ্তর ও চট্টগ্রাম নৌ অঞ্চলের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক আমন্ত্রিত অতিথি, চিকিৎসা ও শিক্ষা খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
আধুনিক অবকাঠামো ও শিক্ষা কার্যক্রম
বাংলাদেশ নৌবাহিনীর সরাসরি তত্ত্বাবধানে গড়ে ওঠা এই শিক্ষা প্রতিষ্ঠানটি আধুনিক অবকাঠামো ও উন্নত প্রশিক্ষণ সুবিধার সমন্বয়ে গঠিত। প্রতিষ্ঠানটি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP)-এর নীতিমালা অনুসরণ করে পরিচালিত হচ্ছে। উদ্বোধনের মধ্য দিয়ে চলতি শিক্ষাবর্ষে ৫০ জন বেসামরিক ছাত্র-ছাত্রীর অংশগ্রহণে ৫ বছর মেয়াদী চিকিৎসা শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো।
নৌবাহিনী প্রধানের বক্তব্য
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেন, “চট্টগ্রামের দক্ষিণাঞ্চলে আধুনিক চিকিৎসা শিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণের সমন্বয়ে প্রতিষ্ঠিত এই মেডিকেল কলেজ দেশের স্বাস্থ্যখাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দক্ষ, নৈতিক ও পেশাদার চিকিৎসক তৈরির মাধ্যমে এটি সশস্ত্র বাহিনীর চিকিৎসা সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি সাধারণ মানুষের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে।”
লক্ষ্য ও উদ্দেশ্য
নেভি মেডিকেল কলেজের মূল লক্ষ্য হলো এমন দক্ষ চিকিৎসক তৈরি করা, যারা যেকোনো পরিস্থিতিতে কার্যকর চিকিৎসা প্রদানে সক্ষম হবেন। বিশেষ করে দুর্যোগকালীন চিকিৎসা, সংক্রামক রোগ ব্যবস্থাপনা ও গবেষণায় বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টির মাধ্যমে উপকূলীয় অঞ্চলের স্বাস্থ্যসেবায় এই প্রতিষ্ঠানটি মাইলফলক হিসেবে কাজ করবে।
সুযোগ-সুবিধা
প্রতিষ্ঠানটিতে রয়েছে আধুনিক ল্যাবরেটরি, সমৃদ্ধ লাইব্রেরি এবং ডিজিটাল শ্রেণিকক্ষ। অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী ও নৌবাহিনীর সুশৃঙ্খল পরিবেশের সমন্বয়ে এই একাডেমিক কার্যক্রম দেশের চিকিৎসা বিজ্ঞানে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

