উজ্জ্বল কুমার, জেলা প্রতিনিধি (নওগাঁ): নওগাঁর মান্দায় লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে মজুত করার সময় এক ব্যবসায়ীসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) গভীর রাতে উপজেলার বৈদ্যপুর বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ও পলাতক আসামিরা
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার ভালাইন ইউনিয়নের চকবাবন গ্রামের ইদ্রিস আলীর ছেলে ব্যবসায়ী এরশাদ আলী (৪০) এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শাকতোলা এলাকার আছের আলীর ছেলে আনোয়ার হোসেন (৩৬)।
অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে লরির চালক আজমত আলী (৫৪) ও তার সহযোগী তারেক রহমান (২৩) কৌশলে পালিয়ে যান। তাদের বাড়িও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলায়।
অভিযান ও জব্দকৃত মালামাল
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৈদ্যপুর বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বাজারে তেলের কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে গভীর রাতে একটি লরি থেকে তেল নামিয়ে অবৈধভাবে গুদামজাত করা হচ্ছিল। হাতেনাতে প্রমাণ পেয়ে ঘটনাস্থল থেকে এরশাদ ও আনোয়ারকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে একটি তেলবাহী লরি, প্রায় ৫ হাজার ১০০ লিটার ডিজেল এবং নগদ ৫৫ হাজার টাকা জব্দ করে।
পুলিশের বক্তব্য
মান্দা থানার ওসি (তদন্ত) আব্দুল গনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। এছাড়া পলাতক চালক ও তার সহযোগীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

