নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার বাঁশের তল নামক এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— ভূরুঙ্গামারী উপজেলার আসাদমোড় উত্তর তিলাই গ্রামের মো. মনির হোসেনের মেয়ে ছাদিয়া (৮), একই গ্রামের মো. জাহিদুল ইসলামের ছেলে নুরনবী (২৮) এবং ধলডাঙ্গা গ্রামের মো. সাইফুর রহমানের ছেলে লিমন (২৮)। নিহত লিমন পেশায় চালক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। গুরুতর আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়।
আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উন্নত চিকিৎসার জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও এক শিশু রয়েছে। দুর্ঘটনাকবলিত যান দুটি উদ্ধার করা হলেও চালক বা কাউকে আটক করা সম্ভব হয়নি। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

