স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধান
প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ২৭ এপ্রিল, সোমবার যশোর সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে এটিই হবে তাঁর প্রথম যশোর সফর। সফরকালে তিনি খাল খনন কর্মসূচি ও মেডিকেল কলেজের ৫০০ শয্যার হাসপাতাল উদ্বোধনসহ জেলা ঈদগাহ ময়দানে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।
প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে যশোর শহরজুড়ে উৎসবমুখর পরিবেশের পাশাপাশি নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে জনসভাস্থল ঈদগাহ ময়দান এবং শার্শার ‘জিয়া খাল’ খনন প্রকল্পসহ নির্ধারিত পরিদর্শন স্থানগুলোতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। শহরকে সাজানো হচ্ছে নতুন রূপে।
যশোর জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রী তাঁর এই সফরে শার্শার জিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন এবং যশোর মেডিকেল কলেজের ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের ফলক উন্মোচন করবেন। এরপর বিকেলে ঈদগাহ ময়দানে আয়োজিত জনসভায় জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন তিনি।
বিএনপি নেতাকর্মীদের মতে, প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এই সফর এ অঞ্চলের উন্নয়নে সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচন করবে।
উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি যশোরে এসেছিলেন। তবে সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর যশোরে এটিই তাঁর প্রথম সরকারি সফর।

