হুসাইন ইসলাম রাফিত, তেরখাদা (খুলনা) সংবাদদাতা:
খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল বলেছেন, “নারী শিক্ষা একটি সমাজকে আলোকিত ও উন্নত করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। বর্তমান সরকার নারী শিক্ষার প্রসার ঘটাতে অবকাঠামোগত উন্নয়ন, উপবৃত্তি চালু ও বিনাবেতনে অধ্যয়নের সুযোগসহ নানামুখী কার্যক্রম ত্বরান্বিত করছে।”
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেরখাদা উপজেলার চিত্রা মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাদের দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। চিত্রা মহিলা কলেজ এ অঞ্চলে নারী শিক্ষার প্রসারে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। আমি এই প্রতিষ্ঠানের অবকাঠামো ও শিক্ষার মানোন্নয়নে সর্বাত্মক সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি দিচ্ছি।” উষ্ণ সংবর্ধনার জবাবে তিনি কলেজ কর্তৃপক্ষ ও এলাকাবাসীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি ও বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা সুলতানা নীলা।
- জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু।
- উপজেলা বিএনপির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী ও সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু।
- জেলা বিএনপির সদস্য মো. আনিছুর রহমান ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু।
- জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মো. আবু সাইদ এবং রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুল ইসলাম।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ বলেন, “সাংসদ আজিজুল বারী হেলালের নিষ্ঠা ও উন্নয়নমূলক কর্মকাণ্ড এ অঞ্চলের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। তাঁর নেতৃত্বে এলাকার শিক্ষা ও সামাজিক ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসছে।”
কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক প্রশান্ত কুমার বাছাড়। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী অধ্যাপক দেবাশীষ বিশ্বাস, মাহবুবুর রহমান ও ক্রীড়া শিক্ষক জেড এম শামীম আহমেদ।
এ সময় কলেজের শিক্ষক মন্ডলী, গভর্নিং বডির সদস্যবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

