এ.এস.এম হামিদ হাসান, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় ফারুক মিয়া (৪৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাতে পৌর এলাকার টান লক্ষীয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ফারুক ওই গ্রামের মৃত হারিছ মিয়ার ছেলে।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে আলোচিত এই হামলার ঘটনায় মোট ১৬ জনকে গ্রেপ্তার করা হলো।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৭ এপ্রিল (শুক্রবার) বিকেলে পাকুন্দিয়া পৌর এলাকার টান লক্ষীয়া মীরপাড়া গ্রামে শিশুদের ফুটবল খেলাকে কেন্দ্র করে টান লক্ষীয়া ও হাপানিয়া গ্রামের বাসিন্দাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এর জের ধরে পরদিন শনিবার বিকেলে দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়ায় এবং হাপানিয়া গ্রামের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার হামলার শিকার হয়। হামলাকারীদের ইট-পাটকেলের আঘাতে পাকুন্দিয়া থানার ওসি এস.এম আরিফুর রহমান, এসআই মশিউর রহমান ও কনস্টেবল জাহেদুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন।
এই ঘটনায় গত ১৯ এপ্রিল রাতে পাকুন্দিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় ৩৯ জনের নাম উল্লেখসহ দুই গ্রামের সহস্রাধিক ব্যক্তিকে অজ্ঞাত আসামি করা হয়। গ্রেপ্তারকৃত ফারুক মিয়া মামলার ২৪ নম্বর এজাহারভুক্ত আসামি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আরিফুর রহমান জানান, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগে ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

