সিরাজুল ইসলাম, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে মুরশিদা বেগম (৫৫) নামে চার সন্তানের জননী এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২২ এপ্রিল) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ননামিয়া হাজিবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মুরশিদা ওই বাড়ির মো. দুলালের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুরশিদার দুই মেয়ের বিয়ে হয়ে যাওয়ায় তারা স্বামীর বাড়িতে থাকেন এবং দুই ছেলে কর্মসংস্থানের প্রয়োজনে ঢাকায় অবস্থান করেন। তার স্বামী দুলাল ফেনী শহরে রাজমিস্ত্রির কাজ করেন। মুরশিদা বাড়িতে দীর্ঘ দিন ধরে একাকী জীবনযাপন করছিলেন। আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত ঘরের দরজা বন্ধ দেখে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে আড়ার সাথে মুরশিদাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় কমলনগর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
কমলনগর থানার উপ-পরিদর্শক (এসআই) সাফায়াত হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে।

