মো. হামিদুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের রাজারহাটে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল ইমরান। গত ১৭ এপ্রিল বিভিন্ন গণমাধ্যমে নাজিম খাঁন ইউনিয়নের বাছড়া বালাটারী গ্রামের ৭৫ বছর বয়সী পঙ্গু প্রতিবন্ধী রফিকুল ইসলামের মানবেতর জীবন নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি ইউএনও-র দৃষ্টিগোচর হয়।
এরই প্রেক্ষিতে আজ বুধবার (২২ এপ্রিল) দুপুরে রফিকুল ইসলামের বাড়িতে সশরীরে উপস্থিত হন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান। এসময় তিনি ওই পরিবারকে জরুরি খাদ্য সহায়তা ও নগদ অর্থ প্রদান করেন।
উল্লেখ্য, রফিকুল ইসলাম দীর্ঘ দিন ধরে শারীরিক প্রতিবন্ধকতার শিকার। তার স্ত্রী আমেনা খাতুনও প্রায় অন্ধ। কর্মক্ষমতাহীন এই দম্পতির জীবন চলত ভিক্ষাবৃত্তির ওপর নির্ভর করে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর প্রশাসনের পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাদের সহায়তায় এগিয়ে আসেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইউএনও মো. আল ইমরান বলেন, “রফিকুল ইসলামকে ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের আওতায় একটি টেকসই ঘর নির্মাণ করে দেওয়া হবে।” পরে তিনি বাছড়া বাজারে রফিকুলের জরাজীর্ণ টং দোকানটি পরিদর্শন করেন এবং সেটি সংস্কারসহ প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়ে তার স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, রাজারহাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও ‘পথের আলো’র সভাপতি শিক্ষক আনিছুর রহমান লিটন, রাজারহাট টিআর মটরসের স্বত্বাধিকারী রায়হানুল ইসলাম, স্থানীয় সাবেক ইউপি সদস্য জামাল আহমেদ এবং সাংবাদিক রতন রায়, আকবর আলী ও হাফিজুর রহমান প্রমুখ।

