রিয়াজুল হক সাগর, রংপুর:
রংপুর মেট্রোপলিটনের হারাগাছ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুরের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাশ হারাগাছ থানার বাহারকাছনা তেলিপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় মাদক সেবনকালে বাধা দেওয়ায় মাদকসেবী পলাশের ছুরিকাঘাতে এএসআই পিয়ারুল গুরুতর আহত হন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করে এবং আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।
আদালতে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং উভয় পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক শেষে আজ বিচারক আসামি পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন। এছাড়া অন্য দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এ বিষয়ে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) এ এস এম মাহামুদুল করিম (লিটন) জানান, অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হওয়ায় আদালত আসামির সর্বোচ্চ সাজার রায় দিয়েছেন। রাষ্ট্রপক্ষ এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে।

