রতন মালাকার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে ‘Roasting Centre Sapahar’ নামক একটি বিতর্কিত ফেসবুক পেজের মাধ্যমে স্কুলগামী শিক্ষার্থীদের গোপন ভিডিও ধারণ, অশ্লীলতা ও কুরুচিপূর্ণ অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টায় সাপাহার উপজেলা সদরের জিরো পয়েন্টে ‘সাপাহারের সর্বস্তরের সচেতন জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে এলাকার শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা ওই ফেসবুক পেজের অ্যাডমিনসহ সংশ্লিষ্ট চক্রটিকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্লোগান দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাপাহার ক্রীড়া একাডেমির চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী অনিক, জবই বিল জীববৈচিত্র্য ও সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মো. কারিম, সাপাহার সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম নাইম ও সাধারণ সম্পাদক রিপন হাসান। এছাড়া ভুক্তভোগী পরিবারের সদস্য রুবেল হোসেন এবং কন্টেন্ট ক্রিয়েটর সুমন ও নাঈমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, একটি অসাধু চক্র এই পেজটি ব্যবহার করে কোমলমতি শিক্ষার্থীদের গোপনে ভিডিও ধারণ করছে এবং তা বিকৃতভাবে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। এতে শিক্ষার্থীদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে এবং তারা মানসিকভাবে ভেঙে পড়ছে। এই ধরনের সাইবার অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা আরও ক্ষোভ প্রকাশ করে বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরে পর্দার আড়ালে থেকে সাধারণ শিক্ষার্থীদের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইনে তাদের গ্রেফতার করতে হবে, অন্যথায় আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে উক্ত ফেসবুক পেজের আপত্তিকর কর্মকাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্রুত ব্যবস্থা না নিলে উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল। মানববন্ধন শেষে আন্দোলনকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাপাহার থানার অফিসার ইনচার্জ বরাবর স্মারকলিপি প্রদান করেন।

