মো. আলী সোহেল, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে পৃথক মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও মাদক বিক্রির নগদ টাকাসহ কুসুম বেগম ও কালু মিয়া নামে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ছয়সূতী ইউনিয়নের বড় ছয়সূতী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ (ভৈরব সার্কেল) এই অভিযান চালায়। অভিযানে বড় ছয়সূতী এলাকা থেকে ৫৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির ১১ হাজার ৯০০ টাকাসহ কুসুম বেগমকে আটক করা হয়।
একই সময়ে পরিচালিত অন্য একটি অভিযানে ইয়াবাসহ হাতেনাতে আটক হওয়া কালু মিয়াকে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কিশোরগঞ্জ-খ (ভৈরব সার্কেল) এর পরিদর্শক চন্দন গোপাল সুর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। দপ্তরটি জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও গাঁজা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে এবং আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান জানান, কুলিয়ারচর উপজেলাকে মাদকযুক্ত করতে এ ধরনের বিশেষ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

