মোঃ মাসুদ রানা,কচুয়াঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় চাঁদপুরের কচুয়া উপজেলায় খতমে কোরআন, তেলাওয়াত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিএনপি নেতা ও অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমানের উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
রবিবার বাদ আসর কচুয়া উপজেলার সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়। এতে বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াতে অংশগ্রহণ করেন। পুরো মসজিদ প্রাঙ্গণ জুড়ে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও দোয়ার আবহ।
খতমে কোরআন শেষে দোয়া পরিচালনা করেন বানিয়াপাড়া দরবার শরীফের পীর ও রাহমানিয়া কাফেলা বাংলাদেশের আমীর আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আবু বকর ছিদ্দীক আল-কাশেমী। মোনাজাত পরিচালনা করেন জৈনপুরী দরবার শরীফের পীর হযরত মাওলানা আব্দুল হাই আতেকী। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির নেতাকর্মীসহ দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,অস্ট্রেলিয়া শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ হাবিবুর রহমান, সাচার বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আব্দুল খালেক, বিএনপি নেতা আবুল খায়ের, জিয়াউর রহমান জাহিদ,যুবদল নেতা ইব্রাহীম সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান জাতি চিরদিন স্মরণ করবে। বক্তারা তার রুহের মাগফেরাত কামনার পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, মুসল্লি ও সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

