ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে একই রাতে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদক
admin
নভেম্বর ১৯, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

**চাঁদপুর প্রতিনিধি:**

চাঁদপুরে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এবং দলটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বাসভবনে পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) রাতে চাঁদপুর শহর ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এ ঘটনা ঘটে। পরপর দুটি বাড়িতে আগুন লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৯টার দিকে চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার কদমতলা মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ডা. দীপু মনির পরিত্যক্ত বাসভবনে আগুন লাগে। ভবনের একটি কক্ষে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা এগিয়ে আসেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তাদের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনার কিছু সময় পর রাত আনুমানিক সাড়ে ৯টা থেকে ১১টার মধ্যে সদর উপজেলার ফারাক্কাবাদ এলাকায় সুজিত রায় নন্দীর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, একদল দুর্বৃত্ত বাড়িটিতে আগুন দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাড়ির ভেতরে থাকা আসবাবপত্রের উল্লেখযোগ্য অংশ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

চাঁদপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ জানান, ডা. দীপু মনির বাসভবনে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট পাঠানো হয়েছিল। তবে ইউনিট পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।

অন্যদিকে, সুজিত রায় নন্দীর বাড়ির অগ্নিকাণ্ডের বিষয়ে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মন্টু বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশসহ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, সুজিত রায় নন্দীর বাড়িতে অগ্নিকাণ্ডের বিষয়টি পুলিশ অবগত রয়েছে। সেখানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করেছেন।

তবে পৃথক দুটি অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ, ঘটনার সঙ্গে কারও সম্পৃক্ততা এবং সার্বিক ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে। তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, সে বিষয়েও নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

একই রাতে চাঁদপুরের দুটি পরিচিত রাজনৈতিক ব্যক্তির বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।

Don`t copy text!