ঢাকাবুধবার , ১৮ নভেম্বর ২০২৬
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের অগ্রযাত্রায় মনিরুল হক মন্টুর অবদান, স্মৃতি ও কর্মের স্বাক্ষর

প্রতিবেদক
admin
নভেম্বর ১৮, ২০২৬ ৯:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

তেরখাদা (খুলনা)প্রতিনিধিঃ তেরখাদা উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি নর্থ খুলনা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু দীর্ঘ কর্মজীবন শেষে অবসর গ্রহণ করেছেন। তাঁর বিদায়ক্ষণে কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সবার চোখে ছিল অশ্রু, হৃদয়ে ছিল গভীর আবেগ আর কৃতজ্ঞতা। একজন অধ্যক্ষের বিদায় যেন হয়ে উঠেছিল একটি প্রতিষ্ঠানের গৌরবময় অধ্যায়ের সমাপ্তি।

অধ্যক্ষের দায়িত্বভার গ্রহণের পর থেকেই সরকারি নর্থ খুলনা কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং অবকাঠামোগত পরিবর্তনে নিজেকে নিবেদিত করেন মনিরুল হক মন্টু। দায়িত্বকে কেবল চাকরির অংশ হিসেবে নয়, বরং নিজের প্রতিষ্ঠানের প্রতি গভীর দায়বদ্ধতা ও ভালোবাসার জায়গা থেকে গ্রহণ করেছিলেন তিনি। তাঁর মেধা, মনন, কর্মস্পৃহা, সাংগঠনিক দক্ষতা এবং আন্তরিক প্রচেষ্টায় কলেজের উন্নয়নে সূচিত হয় এক নতুন ধারার।

তাঁর নেতৃত্বে কলেজের অবকাঠামোগত উন্নয়ন ও দৃশ্যমান পরিবর্তন আজ সবার কাছেই প্রশংসিত। কলেজের সৌন্দর্যবর্ধন, সীমানাপ্রাচীর নির্মাণ, পতাকামঞ্চ স্থাপন, শিক্ষার্থীদের বসার জন্য বেঞ্চ নির্মাণ, গোলচত্বর তৈরি, অভ্যন্তরীণ যোগাযোগব্যবস্থার উন্নয়ন, নতুন রাস্তা নির্মাণ, ভবন সংস্কার, আধুনিক শৌচাগার ও আলোকসজ্জার ব্যবস্থা, ফুলের বাগান তৈরি এবং বৃক্ষরোপণসহ কলেজের সার্বিক পরিবেশ উন্নয়নে তাঁর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শুধু বর্তমানের উন্নয়ন নয়, ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করেও তিনি গ্রহণ করেন নানা উদ্যোগ। কলেজের নিজস্ব সম্পত্তি বৃদ্ধির লক্ষ্যে জমি ক্রয়ের উদ্যোগ ছিল তাঁর দূরদর্শী চিন্তার অন্যতম বহিঃপ্রকাশ। একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে দীর্ঘমেয়াদে আরও সমৃদ্ধ ও স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ বিশেষ তাৎপর্য বহন করে।

তবে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি তাঁর সবচেয়ে বেশি গুরুত্ব ছিল শিক্ষার মানোন্নয়নে। দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকেই তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দেন। তাঁর স্বপ্ন ছিল, সরকারি নর্থ খুলনা কলেজ থেকে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার প্রতিটি স্তরে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখবে। সেই লক্ষ্য সামনে রেখে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্বনামধন্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির উপযোগী করে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করেছেন।

তাঁর দিকনির্দেশনা, উৎসাহ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতায় শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ বেড়েছে। উপজেলা, জেলা ও জাতীয় পর্যায়ে শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন কলেজের সুনাম ও গৌরবকে আরও সমৃদ্ধ করেছে। এসব সাফল্যের পেছনে অধ্যক্ষের আন্তরিক সহযোগিতা ও অনুপ্রেরণা ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।

তিনি বিশ্বাস করতেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সাফল্য কখনো একক প্রচেষ্টায় আসে না; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, শৃঙ্খলা ও আন্তরিকতা। সেই বিশ্বাস থেকেই শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে গড়ে তুলেছিলেন একটি ঐক্যবদ্ধ কর্মপরিবেশ। তাঁর নেতৃত্ব ও সম্মিলিত প্রচেষ্টায় কলেজটি অতীতের নানা সীমাবদ্ধতা পেরিয়ে নতুন সম্ভাবনার পথে এগিয়ে যায় এবং অর্জন করে একাধিক গৌরবময় সাফল্য।

দীর্ঘ প্রায় সাড়ে পাঁচ বছরের দায়িত্বকালজুড়ে কলেজের উন্নয়নে ধারাবাহিক যে পরিবর্তন ও অগ্রগতির ধারা তিনি সৃষ্টি করেছেন, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তাঁর কর্মদক্ষতা, নেতৃত্বগুণ ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জেলা পর্যায়ে পরপর দুইবার এবং উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এ অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সম্মান ও সাফল্যের স্বীকৃতি নয়, বরং সরকারি নর্থ খুলনা কলেজের জন্যও এক গৌরবময় অধ্যায়।

অধ্যক্ষ মনিরুল হক মন্টু ছিলেন কলেজের প্রাণশক্তি। তিনি শুধু একজন প্রশাসনিক প্রধান ছিলেন না; ছিলেন একজন অভিভাবক, একজন দক্ষ সংগঠক এবং শিক্ষার্থীদের সঠিক পথের দিশারি। কখনো কঠোর শাসনে, কখনো স্নেহ-মমতায়, আবার কখনো আন্তরিক পরামর্শ ও উৎসাহে তিনি সবাইকে আপন করে নিয়েছিলেন। সততা, নিষ্ঠা, দায়িত্ববোধ, বিচক্ষণতা ও কর্মনিষ্ঠার সমন্বয়ে তিনি নিজের কর্মজীবনকে করে তুলেছেন অর্থবহ ও স্মরণীয়।

তাঁর স্বপ্ন ছিল সরকারি নর্থ খুলনা কলেজকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপান্তরিত করা। অতীতের শিক্ষার মানসংক্রান্ত সীমাবদ্ধতা ও গ্লানি পেছনে ফেলে কলেজটিকে একটি সম্মানজনক অবস্থানে প্রতিষ্ঠিত করাই ছিল তাঁর নিরন্তর সাধনা। কলেজের উন্নয়ন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ এবং প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধির চিন্তাই যেন তাঁর প্রতিটি কর্মপরিকল্পনার কেন্দ্রে ছিল।

আজ সেই স্বপ্নের পথে দৃশ্যমান অগ্রগতি রেখে তিনি অবসরজীবনে পদার্পণ করেছেন। তাঁর হাত ধরে এই কলেজ থেকে শিক্ষা গ্রহণ করে বহু শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পেয়েছে; কেউ চিকিৎসক হওয়ার পথে, কেউ প্রকৌশলী হওয়ার পথে, আবার কেউ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে নিজের অবস্থান তৈরি করেছে। এসব অর্জনের মধ্য দিয়েই একজন শিক্ষকের প্রকৃত সার্থকতা ও সফলতা প্রতিফলিত হয়।

তাঁর বিদায়ের মধ্য দিয়ে একটি কর্মজীবনের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটলেও সরকারি নর্থ খুলনা কলেজের অগ্রযাত্রায় তাঁর অবদান, স্মৃতি ও কর্মের স্বাক্ষর থেকে যাবে দীর্ঘদিন। কলেজে যে শৃঙ্খলা, নিয়মানুবর্তিতা, মমত্ববোধ, আন্তরিকতা ও ঐক্যের পরিবেশ তিনি গড়ে তুলতে ভূমিকা রেখেছেন, তা ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা হয়ে থাকবে।

মানুষের জীবনে কিছু বিদায় কেবল বিদায় নয়, রেখে যায় অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও অনুপ্রেরণার গল্প। অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টুর অবসরও তেমনই এক আবেগঘন অধ্যায়। পদ-পদবি ও দায়িত্বের অবসান ঘটলেও তাঁর কর্ম, নিষ্ঠা এবং অবদান সরকারি নর্থ খুলনা কলেজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

Don`t copy text!