নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: অস্বচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের দক্ষতা বৃদ্ধি ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে ময়মনসিংহের নান্দাইলে ‘বসুন্ধরা শুভসংঘ’ একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছে।
সম্প্রতি নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিএনপি নেতা হাসনাত মাহমুদ তালহা, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, দৈনিক কালের কণ্ঠ-এর জেলা প্রতিনিধি রবিউল আলম ফরাজী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, সাংবাদিক আতাউর রহমান বাচ্চু, সেন্ট্রাল প্রেসক্লাবের সভাপতি রমিজ উদ্দিন এবং সাংবাদিক ফরিদ মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও ফাতেমা জান্নাত বলেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কর্মমুখী প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। বসুন্ধরা শুভসংঘের এ উদ্যোগের মাধ্যমে অস্বচ্ছল নারীরা কারিগরি ও আয়বর্ধক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন। এতে তারা আত্মকর্মসংস্থানের পাশাপাশি পরিবার ও সমাজের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।
প্রশিক্ষণ কর্মসূচির প্রথম ব্যাচে ২০ জন নারী অংশ নিয়েছেন। তাদের বিভিন্ন কর্মমুখী বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা দক্ষতা অর্জনের মাধ্যমে নিজস্ব আয়ের সুযোগ সৃষ্টি করতে পারেন। নারীর ক্ষমতায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং আর্থসামাজিক উন্নয়নে বসুন্ধরা শুভসংঘের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে স্থানীয়রা মনে করছেন।

