নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নের কাশিনগর গ্রামে তরুণ-তরুণীর প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কয়েকটি বাড়িঘর ও দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কাশিনগর গ্রামের বাসুর উদ্দিনের ছেলে ও এইচএসসি পরীক্ষার্থী মো. রবিউল ইসলামের সঙ্গে আউটপাড়া গ্রামের এক তরুণীর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গত মঙ্গলবার (২ জুন) রাতে রবিউল ওই তরুণীর সঙ্গে দেখা করতে গেলে তরুণীর স্বজনরা তাকে ধাওয়া দেয়। পরে রবিউল পালিয়ে নিজ বাড়িতে চলে আসেন।
অভিযোগ রয়েছে, এর জের ধরে আউটপাড়া গ্রামের লিটন, রায়হান, এরশাদ, মানিক ও অনিকের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাশিনগর গ্রামে হামলা চালায়। তারা আবুল হাসেম, আবুল কাশেম, হিমেল আহমেদ ও আলিফ মিয়ার বাড়ি এবং স্থানীয় কয়েকটি দোকানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালায়। ভুক্তভোগীদের দাবি, হামলায় প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
হামলায় আল-আমিন (২৪), রাজন (২০) ও স্বপন মিয়া (২০) আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত থাকায় তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
ঘটনার বিষয়ে নান্দাইল মডেল থানার এএসআই সুমন জানান, ৯৯৯-এ কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করে। উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং ঘটনার তদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় ডাকা হয়েছে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে যে কোনো সময় পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটতে পারে।

