ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে আবেদন করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে শেখ হাসিনার পক্ষ থেকে এ আবেদন করা হয়েছে। আবেদনপত্রের একটি অনুলিপিও বিবিসি বাংলার হাতে রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সোমবার সকালে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সও শেখ হাসিনার আবেদনের বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।
এ বিষয়ে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান বিবিসি বাংলাকে জানান, ম্যাট্রিক্স চেম্বার্স নামের একটি প্রতিষ্ঠান থেকে ই-মেইলের মাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফেরত চেয়ে আবেদন পাওয়া গেছে। তবে আবেদনটির সত্যতা যাচাই করা সম্ভব হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত নন তিনি। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে শেখ হাসিনা সেখানে অবস্থান করছেন। গত কয়েক মাসে তাঁর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আওয়ামী লীগের নেতাকর্মীদের দাবি, আগামী ডিসেম্বর মাসে তিনি দেশে ফিরতে পারেন।
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামালও বিবিসি বাংলাকে জানিয়েছেন, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান বলে তাঁরা জানতে পেরেছেন। এ উদ্দেশ্যে পাসপোর্টের জন্য আবেদন করার বিষয়টিও তিনি গণমাধ্যমের মাধ্যমে জেনেছেন বলে জানান।

সূত্র
বার্তা সংস্থা রয়টার্সও
বিবিসি
আল জাজিরা
ইউ এ-ই সংবাদ

