*সাগর চন্দ্র স্বপন, সংযুক্ত আরব আমিরাত প্রতিনিধি।
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সহযোগিতা ও সামাজিক সম্প্রীতি সুদৃঢ় করার প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’। চট্টগ্রামের দুই সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান ও এনামুল হক এনামের উপস্থিতিতে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। একই অনুষ্ঠানে সংগঠনটির প্রাথমিক নির্বাহী কমিটিও ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুবাইয়ে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে চট্টগ্রামের দুই সংসদ সদস্য ছাড়াও সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ব্যবসায়ী ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু সুফিয়ান এমপি প্রবাসে চট্টগ্রামবাসীর মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, প্রবাসে নিজেদের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অন্যদিকে সংসদ সদস্য এনামুল হক এনাম দেশের অর্থনীতি ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে প্রবাসীদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি প্রবাসে চট্টগ্রামবাসীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আমিরাতে বসবাসরত চট্টগ্রামবাসীর মতামত ও প্রত্যাশার ভিত্তিতে সম্পূর্ণ রাজনৈতিক নিরপেক্ষ সামাজিক সংগঠন হিসেবে ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রবাসীদের সুখ-দুঃখে পাশে থাকা, পারস্পরিক সহযোগিতা, সামাজিক কর্মকাণ্ড এবং আনন্দ-বিনোদনের সুযোগ সৃষ্টিই হবে সংগঠনটির অন্যতম প্রধান লক্ষ্য।
অনুষ্ঠানে ঘোষিত নির্বাহী কমিটিতে আলহাজ্ব ইয়াকুব সৈনিককে সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী মো. রফিককে সাধারণ সম্পাদক, ব্যবসায়ী মঞ্জুরুল হককে সিনিয়র সহসভাপতি, শাহাদাত হোসেন ও নিজাম উদ্দিন হাসানকে সহসভাপতি এবং জুলফিকার ওসমান সিআইপিকে অর্থ সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া চট্টগ্রাম ক্লাব ইউএইর পৃষ্ঠপোষক হিসেবে চট্টগ্রামের সকল সংসদ সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বিশিষ্ট, অভিজ্ঞ ও গুণী ব্যক্তিদের সমন্বয়ে একটি উপদেষ্টা কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
নবগঠিত সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি নেতা ও জার্নালিস্ট ফোরাম ইউএইর সিনিয়র সহসভাপতি এম এনাম হোসেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন কমিউনিটি নেতা প্রকৌশলী মো. সালাউদ্দিন, মীর কামাল, সেলিম রেজা, শাহাদাত হোসেন, সিআইপি হেলাল, জুলফিকার ওসমান সিআইপি, জাহাঙ্গীর আলম সিআইপি, আবুল বাশার সিআইপি, সিরাজুল ইসলাম নবাব, শহিদুল হক, মোহাম্মদ আজিম উদ্দিন, মোহাম্মদ বোরহান উদ্দিন, মোহাম্মদ এহসান মিয়া, ফরিদুল আলম, আবু সাইয়েম, সাংবাদিক এজাজ মাহমুদ, শিবলী আল সাদিক, সাইফুল ইসলাম তালুকদার, সিরাজুল হক ও শেখ ফয়সাল সিদ্দিকী ববিসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ নাসির উদ্দীন, মোহাম্মদ জানে আলম, মাহমুদুল হাসান ফেরদৌস, মোহাম্মদ ইয়াসিন আরাফাত, মোহাম্মদ ফোরকান, মোহাম্মদ আজিজ ও মোহাম্মদ মোরশেদুল আলমসহ আরও অনেকে।
বক্তারা চট্টগ্রাম ক্লাব ইউএই গঠনের উদ্যোগকে স্বাগত জানান। একই সঙ্গে এ উদ্যোগ গ্রহণ ও সৌজন্যমূলক আয়োজনের জন্য সংগঠনের সভাপতি আলহাজ্ব ইয়াকুব সৈনিককে ধন্যবাদ জানান। তাঁরা আশা প্রকাশ করেন, নতুন এ সংগঠন প্রবাসে চট্টগ্রামবাসীর মধ্যে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও মানবিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করবে।
অনুষ্ঠানে জানানো হয়, আগামী জানুয়ারিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর বর্ণাঢ্য অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এতে মন্ত্রিপরিষদের চট্টগ্রাম অঞ্চলের সদস্যদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা চট্টগ্রামের ২০ জন সেরা রেমিট্যান্স প্রেরণকারীকে নির্বাচিত করে বিশেষ সম্মাননা দেওয়ার ঘোষণাও দেওয়া হয়।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘চট্টগ্রাম ক্লাব ইউএই’ প্রবাসে চট্টগ্রামবাসীর ঐক্য, সামাজিক সম্প্রীতি, মানবিক সহযোগিতা ও কল্যাণমূলক কর্মকাণ্ডের একটি কার্যকর ও শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠবে।

