মোঃ জাকের হোসেন, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়া উপজেলার বিরবিরি সেন্টার বাজার উচ্চ বিদ্যালয়ের জন্য ৬ মাসের এডহক কমিটি অনুমোদন করেছে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
বোর্ডের বিদ্যালয় পরিদর্শকের স্বাক্ষরিত ৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের এক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুযায়ী সভাপতি মনোনয়নসহ পরবর্তী ৬ মাসের জন্য এই কমিটি গঠন করা হয়।
অনুমোদিত কমিটিতে আবু সাঈদ মোহাম্মদ ফয়সাল বোর্ড কর্তৃক মনোনীত সভাপতি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া মোহাম্মদ নিজাম উদ্দিন শিক্ষক প্রতিনিধি এবং তৌহিদ উদ্দিন অভিভাবক প্রতিনিধি হিসেবে সদস্যপদে রয়েছেন।
বোর্ডের আদেশে এডহক কমিটির মেয়াদের মধ্যে বিধি মোতাবেক নিয়মিত ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। কমিটি অনুমোদনের খবরে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় লোকজনের মধ্যে আনন্দ ও উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

