উজ্জ্বল কুমার, নওগাঁ জেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় মাদক সেবনকালে তিন মাদকসেবীকে আটক করে সাজা প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে উপজেলার নিতপুর ইউনিয়নের গোপালগঞ্জ গ্রাম থেকে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড ও জরিমানা করেন।
সাজাপ্রাপ্তরা হলেন— উপজেলার গোপালগঞ্জ গ্রামের আবুল কালামের ছেলে আল আমিন (২২), শোভাপুর গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আতিকুর রহমান (২৭) এবং যমুনার বাগান গ্রামের মো. সাগরের ছেলে নয়ন (২৪)।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে গোপালগঞ্জ এলাকায় ওই তিন যুবক প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের ঘিরে আটক করেন এবং তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরবর্তীতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আসামিদের দোষ স্বীকারের ভিত্তিতে আইন অনুযায়ী পৃথক তিনটি মামলা (মামলা নম্বর: ১৮, ১৯ ও ২০) দায়ের করে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এলাকায় মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে এ ধরনের সামাজিক প্রতিরোধ ও আইনি অভিযান অব্যাহত থাকবে।

