উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ আমনুরা রেলস্টেশন থেকে নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী হয়ে আক্কেলপুর রেলস্টেশন পর্যন্ত নতুন রেলপথ নির্মাণের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। প্রস্তাবিত এ রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
নির্বাচনী প্রচারণায় এসে প্রধানমন্ত্রী আমনুরা থেকে আক্কেলপুর পর্যন্ত রেললাইন নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন পরিপ্রেক্ষিতে প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ের কার্যক্রম শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৩ অক্টোবর) আমনুরা রেলস্টেশন পরিদর্শন করেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, আমনুরা রেলস্টেশন থেকে রেলপথটি নিয়ামতপুর, সাপাহার, নজিপুর, মহাদেবপুর ও বদলগাছী হয়ে আক্কেলপুর রেলস্টেশনের সঙ্গে যুক্ত হওয়ার কথা রয়েছে।
তবে এ রেলপথের চূড়ান্ত রুট ও নির্মাণের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক সিদ্ধান্ত এখনো জানা যায়নি।
প্রস্তাবিত রেলপথটি বাস্তবায়িত হলে নওগাঁর বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।
বিশেষ করে কৃষিপ্রধান এ অঞ্চলের উৎপাদিত পণ্য দেশের বিভিন্ন স্থানে পরিবহনের ক্ষেত্রে রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এখন প্রস্তাবিত রেলপথের সম্ভাব্যতা যাচাই, রুট নির্ধারণ এবং পরবর্তী কার্যক্রমের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন এলাকাবাসী।

