উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে মোবাইল ফোনে ভিডিও দেখিয়ে ছয় বছর বয়সী এক শিশুকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে আটক করা হয়েছে। এছাড়া আট বছর বয়সী আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। এ নিয়ে মোট তিনজনকে আটক করা হয়েছে।
গত বুধবার (২৬ আগস্ট) বিকেলে রাণীনগর উপজেলার লোহাচূড়া দক্ষিণপাড়া ও চক পারইল এলাকায় পৃথক দুটি ঘটনা ঘটে। বর্তমানে পালাক্রমে ধর্ষণের শিকার শিশুটি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
ধর্ষণের অভিযোগে আটক দুই কিশোর হলো—রাণীনগরের লোহাচূড়া দক্ষিণপাড়া গ্রামের আল আমিনের ছেলে ইসতিয়াক (১৫) এবং সিদ্দিকের ছেলে মারুফ (১৬)। অন্যদিকে, ধর্ষণচেষ্টার ঘটনায় আটক সিফাত হোসেন (১৩) চক পারইল গ্রামের দুলাল হোসেনের ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বুধবার বিকেল ৪টার দিকে ছয় বছর বয়সী শিশুটি মারুফদের বাড়িতে খেলাধুলা করতে যায়। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে ইসতিয়াক ও মারুফ মোবাইল ফোনে কার্টুন ভিডিও দেখিয়ে ও ফুসলিয়ে শিশুটিকে পালাক্রমে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে তার মুখ চেপে ধরে এই পৈশাচিকতা চালানো হয়।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। অপরদিকে, একই দিনে আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ১৩ বছরের শিশু সিফাতকে আটক করে পুলিশ।
পৃথক দুটি ঘটনায় তিনজনকে আটকের সত্যতা নিশ্চিত করে রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো. জাকারিয়া মন্ডল জানান, শিশু ধর্ষণের মামলায় আটক দুই কিশোরকে গত বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। এছাড়া আট বছর বয়সী শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় আটক কিশোরের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

