নিজস্ব প্রতিবেদক:
চাঁদপুরে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
সভায় পুলিশ সুপার জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল, কিশোর গ্যাং দমন এবং সামাজিক অবক্ষয় রোধে জেলা পুলিশের চলমান কার্যক্রম তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও গণমাধ্যমের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজে সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকর্মীদের সব ধরনের তথ্যগত সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ লুৎফর রহমান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মাহির আসেফ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মিয়াজী আলিফ ইমরানসহ চাঁদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

