মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের রায়পুরে কবিরহাট-রবিদাস ৫ কিলোমিটার সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম বেহাল অবস্থায় পরিণত হয়েছে। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। কোথাও কোথাও জমে আছে কাদা-পানি। এতে গুরুত্বপূর্ণ এই সড়কটি এখন যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন এ পথে চলাচল করছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা গেছে, ৫ কিলোমিটার সড়কের অধিকাংশ অংশই ভাঙাচোরা। বৃষ্টির পানি জমে অনেক গর্ত ছোট ছোট ডোবায় পরিণত হয়েছে। যানবাহনগুলো ঝুঁকি নিয়ে ধীরগতিতে চলাচল করছে। প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রী, চালক ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়রা জানান, রায়পুর উপজেলার বামনি ও সোনাপুর ইউনিয়নসহ কয়েকটি এলাকার হাজারো মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। সড়কের পাশে রয়েছে সরকারি-বেসরকারি প্রায় ৮/৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ৪টি গুরুত্বপূর্ণ বাজার। সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীদের সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে সমস্যা হচ্ছে। পাশাপাশি অসুস্থ রোগীদের হাসপাতালে নিতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
পথচারী, চালক ও শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় বর্ষাকালে দুর্ভোগ আরও বেড়ে যায়। বড় বড় গর্তে পানি জমে থাকায় হাঁটা ও যান চলাচল দুটোই কঠিন হয়ে পড়ে।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, উপজেলার পূর্বাঞ্চলের কয়েকটি গুরুত্বপূর্ণ বাজারকে কেন্দ্র করে প্রতিদিন বড় অঙ্কের ব্যবসা-বাণিজ্য পরিচালিত হয়। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে পণ্য পরিবহনে সময় ও খরচ বেড়ে যাচ্ছে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দ্রুত সংস্কার করা না হলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।
এ বিষয়ে রায়পুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রকৌশলী সুমন মুনন্সী মুঠোফোনে বলেন, “সড়কটি সংস্কারের জন্য দ্রুত কাজ শুরু করা হবে। মানুষের দুর্ভোগ কমাতে মূল কাজ শুরুর আগেই জরুরি ভিত্তিতে কিছু অংশ মেরামতের উদ্যোগ নেওয়া হবে।”

